বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা, পাঁচ দিনের পূর্বাভাসে যা জানা গেল
লঘুচাপের প্রভাবে দেশের আটটি বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে বিরাজমান রয়েছে। এর প্রভাবে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
রোববার সন্ধ্যায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৩ শতাংশ। বাতাসের গতিবেগ পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটারের মধ্যে ছিল।
পূর্বাভাস অনুযায়ী, দ্বিতীয় দিনেও সারা দেশে বৃষ্টির এই ধারা অব্যাহত থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে তৃতীয় দিন মঙ্গলবার (৩১ মার্চ) থেকে রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে দু-এক জায়গায় সীমাবদ্ধ হতে পারে। যদিও অন্যান্য বিভাগে বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে বলা হয়, পরবর্তী চতুর্থ ও পঞ্চম দিনে বৃষ্টির এলাকা আরও সংকুচিত হয়ে প্রধানত ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় জানানো হয়েছে, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা ক্রমশ কমে আসতে পারে এবং তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৩ মিনিটে ও সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে।

এনটিভি অনলাইন ডেস্ক