অটোবাইক ছিনতাই করতে বন্ধুকে হত্যা, ৪ দিন পর মাথা উদ্ধার
মানিকগঞ্জে অটোবাইক ছিনতাইয়ের উদ্দেশে বন্ধুকে ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যা এবং পরে মাথা বিচ্ছিন্ন করার ঘটনার চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। মাথাবিহীন লাশ উদ্ধারের চার দিন পর ভুট্টাক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে নিহত অটোচালক রফিক মিয়ার বিচ্ছিন্ন মাথা।
আজ রোববার (২৯ মার্চ) দুপুরে সদর উপজেলার দিঘুলিয়া গ্রামের কালীগঙ্গা নদীর পাড়সংলগ্ন একটি ভুট্টাক্ষেত থেকে মাথাটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জানিয়েছে, হত্যার পর মাথাটি আলাদা করে নদীতে ফেলে দিয়েছিল ঘাতকরা। উদ্ধার হওয়া মাথাটি রফিকের কি না নিশ্চিত হতে তা মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
নিহত রফিক মিয়া (২৭) ঘিওর উপজেলার রাথুরা গ্রামের বাসিন্দা এবং পেশায় ব্যাটারিচালিত অটোবাইকচালক। গত ২৪ মার্চ সকালে অটোবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। পরের দিন বিকেলে সদর উপজেলার পাছবারইল এলাকায় কালীগঙ্গা নদীর পাড় থেকে তার মাথাবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ।
পিবিআই জানায়, রফিকের বন্ধু রিপন মিয়াসহ তিনজন মিলে অটোবাইক ছিনতাইয়ের উদ্দেশে তাকে হত্যার ফাঁদ পাতে। গাঁজা সেবনের কথা বলে ২৪ মার্চ সন্ধ্যায় তাকে ডেকে নিয়ে যাওয়া হয় নদীর পাড়ে। সেখানে প্রথমে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে অচেতন করা হয়। পরে দা দিয়ে গলা কেটে নির্মমভাবে হত্যা করে মাথা বিচ্ছিন্ন করা হয়।
পুলিশ জানায়, হত্যার সময় একজন হাত, একজন পা ধরে রাখে—যাতে ভিকটিম নড়াচড়া করতে না পারে। এরপর মরদেহ ও মাথা আলাদা করে নদীতে ফেলে দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে তারা।
এ ঘটনায় ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—ঘিওর উপজেলার রিপন মিয়া (৩০), সদর উপজেলার আরমান হোসেন (২০) ও সজিব হোসেন (২৫)।
পিবিআই তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৭ মার্চ ধামরাইয়ের কালামপুর এলাকা থেকে রিপনকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য দুজনকেও গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার করা ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী কালামপুরের একটি গ্যারেজ থেকে ছিনতাই করা অটোবাইকটিও উদ্ধার করা হয়েছে। আসামিরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন এবং বর্তমানে কারাগারে রয়েছেন।
এ নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের ফাঁসির দাবিতে আজ রোববার ঘিওরের বানিয়াজুরী বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন করেছে নিহত চালকের পরিবার ও স্থানীয়রা। মানববন্ধনে বক্তারা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পিবিআই জানিয়েছে, ঘটনার সব আলামত সংগ্রহ করে আসামিদের বিরুদ্ধে শক্ত প্রমাণের ভিত্তিতে দ্রুত চার্জশিট দাখিলের প্রস্তুতি চলছে।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ