রংপুরে ট্যাংক-লরি শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, জ্বালানি সরবরাহ শুরু
জেলহাজতে আটক ট্যাংকলরি শ্রমিকদের আগামীকাল সোমবারের মধ্যে মুক্তি দেওয়ার আশ্বাস পাওয়ায় প্রায় ১০ ঘণ্টা পর রংপুর বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়ন তাদের অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করেছে।
আজ রোববার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টায় কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন শ্রমিক নেতারা। এর আগে পার্বতীপুর উপজেলা প্রশাসনের সঙ্গে শ্রমিক প্রতিনিধিদের এক ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হুসাইন রাজু শ্রমিকদের দাবির বিষয়ে আশ্বাস দিলে কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওয়াদুদ, রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান (আতু), সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ শ্রমিক নেতারা।
কর্মবিরতি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর মডেল থানার ওসি মো. আব্দুল ওয়াদুদ এবং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আতাউর রহমান।
জ্বালানি তেল পরিবহণের দায়িত্বে নিয়োজিত ট্যাংক-লরির চালকসহ তিন শ্রমিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা দেওয়ার প্রতিবাদে এবং আটক শ্রমিকদের দ্রুত মুক্তির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করে শ্রমিক ইউনিয়ন।
আজ সকাল ৮টা থেকে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে সব ধরনের জ্বালানি তেল উত্তোলন বন্ধ রেখে আন্দোলনে নামেন ট্যাংক-লরি শ্রমিকরা। এই কর্মসূচির প্রতি সংহতি জানায় দিনাজপুর জেলা পেট্রল পাম্প মালিক সমিতিও। ফলে রংপুর বিভাগের আট জেলায় সাময়িকভাবে জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে যায়।
কর্মবিরতি প্রত্যাহারের পর পুনরায় স্বাভাবিক হয়েছে তেল উত্তোলন ও সরবরাহ কার্যক্রম।

মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)