বাস-মোটরসাইকেল সংঘর্ষে বিএনপি নেতা নিহত
নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাবনার ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. আব্দুল আজিজ (৫৫) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল আজিজ পাবনার ভাঙ্গুড়া উপজেলার কলকতি গ্রামের বাসিন্দা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে রাজশাহী থেকে মোটরসাইকেলযোগে ভাঙ্গুড়ায় নিজ বাড়িতে ফিরছিলেন আব্দুল আজিজ। বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় বাসটি মোটরসাইকেলটিকে প্রায় এক কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মনির জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক জানান, মৃত্যুর খবর পেয়ে নিহতের স্বজনরা হাসপাতালে গেছেন।

আপন ইসলাম, পাবনা (চাটমোহর-ভাঙ্গুরা)