যমুনা সেতু পশ্চিম মহাসড়কে যানবাহনের দীর্ঘসারি
ঈদের ছুটি শেষে পরিবার-পরিজন নিয়ে কর্মস্থলে ফিরছে উত্তরাঞ্চলের মানুষ। এতে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে দ্বিগুণ। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যার পর থেকে যমুনা সেতুর ঢাকামুখী লেনে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।
যানবাহনের চাপে কখনও একেবারেই থেমে থাকছে যানবাহন আবার কখনও থেমে থেমে চলছে। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে কর্মস্থলে ফেরা মানুষকে। যানবাহনের দ্বিগুণ চাপ ও সেতুর ওপর একাধিক লোকাল বাস দুর্ঘটনার কারণে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হচ্ছে বলে যমুনা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানিয়েছেন।
নির্বাহী প্রকৌশলী বলেন, যমুনা সেতু দিয়ে দেশের উত্তরাঞ্চলের ২২ জেলার যানবাহন চলাচল করে। স্বাভাবিক দিনে সেতুর উপর দিয়ে ১৬-১৮ হাজার যানবাহন চলাচল করে। কিন্তু ঈদের আগে ও পরে প্রায় তিন গুণ যানবাহন চলাচল করে। এতে সেতুর দুই পাশে যানবাহনের চাপ তৈরি হয়। এক সঙ্গে বিপুল যানবাহন চলাচলের কারণে এই মুহূর্তে সেতুর পশ্চিম পাশে প্রচুর চাপ রয়েছে। যে পরিমাণ যানবাহন আসছে সেই পরিমাণ ছাড়তে পারছি না। এর সঙ্গে সেতুর উপর অনেক লোকাল বাস নষ্ট হয়ে যাচ্ছে। পাঁচ মিনিট যানবাহন চলাচল বন্ধ থাকলে পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হচ্ছে। যানবাহনের চাপে মাঝেমধ্যে টোল আদায় বন্ধ রাখতে হচ্ছে। আমরা চেষ্টা করছি যান চলাচল স্বাভাবিক রাখতে।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, এই মুহূর্তে ঢাকামুখী যানবাহনের প্রচুর চাপ রয়েছে। সেই তুলনায় উত্তরাঞ্চলমুখী যানবাহনের চাপ কম। পুলিশ এবং সেতু কর্তৃপক্ষ চেষ্টা করছে যান চলাচল স্বাভাবিক রাখতে।

শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ