ব্রাহ্মণবাড়িয়া থেকে সাড়ে ৯ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
ভারত সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে প্রায় সাড়ে ৯ কোটি টাকার বিপুল ভারতীয় অবৈধ চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী কালামোড়া এলাকায় একটি জঙ্গলের ভেতর মাটি খুঁড়ে বিপুল পরিমাণ এই অবৈধ পণ্য জব্দ করে সরাইল (২৫ বিজিবি) ব্যাটালিয়ন।
আজ শুক্রবার (২০ মার্চ) দুপুরে সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।
জাব্বার আহমেদ জানান, বিজিবির সরাইল ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে মুকুন্দপুর বিওপির একটি টহল দল বিজয়নগর উপজেলার কামালমোড়া এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ২০০৭/৯-এস থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জঙ্গলের মধ্যে মাটির নিচে লুকিয়ে রাখা অবস্থায় এসব পণ্য উদ্ধার করা হয়।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে—মোবাইল ফোনের ডিসপ্লে ৯ হাজার ৬০০ পিস, সানগ্লাস ১৩ হাজার ৬২৮ পিস, ভারতীয় শাড়ি ৩৪৩ পিস। যার আনুমানিক বাজারমূল্য ৯ কোটি ৩৮ লক্ষ ৭ হাজার টাকা। জব্দকৃত মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।
জাব্বার আহমেদ আরো জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়া ও হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিতে তাদের অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত এক বছরে (জানুয়ারি ২০২৫ থেকে ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত) সরাইল ব্যাটালিয়ন তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৪৩ কোটি টাকার মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালান পণ্য জব্দ করে বিজিবি।

শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া