রাজধানীতে হঠাৎ দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি
রাজধানীতে ঈদের আগের দিন আজ শুক্রবার (২০ মার্চ) দুপুর গড়াতে না গড়াতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হয়েছে। এ ধারা আগামীকাল ঈদের দিনসহ কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ বেলা ১১টার পর থেকে ঢাকায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি শুরু হয়। একই সঙ্গে বিকট শব্দে বজ্রপাত, মুহুর্মুহু বিদ্যুতের ঝলকানি আর মেঘের গর্জন শোনা যায়। ঢাকায় হঠাৎ এই বৃষ্টিতে বিপাকে পড়েছেন রাজধানীর ফুটপাতের ব্যবসায়ীরা। আর যারা ঢাকায় থেকে ঈদের কেনাকাটায় বের হয়েছিলেন কিংবা হবেন, তারা পড়েছেন বিড়ম্বনায়। এমনিতেই গত কয়েকদিন ধরে সারাদেশে কম-বেশি বৃষ্টি হচ্ছে। সঙ্গে রয়েছে কালবৈশাখী ঝড়। অনেকেই ঈদের কেনাকাটা ঈদের আগেরদিন সারবেন বলে ভেবে রেখেছিলেন, তারা পড়েছেন সমস্যায়।
এদিকে আগামীকাল শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদের দিনও দেশের আট বিভাগেই কোনো না কোনো অঞ্চলে বৃষ্টি এবং সঙ্গে কালবৈশাখী ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
ঈদের দিন সব বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা
শুক্রবার দুপুরে আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

নিজস্ব প্রতিবেদক