ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জানাল আবহাওয়া অফিস
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার (১৮ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৮০ শতাংশ, যা সকালে কিছুটা গুমোট ভাব তৈরি করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বাতাসের গতিপ্রকৃতি সম্পর্কে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। আজ সন্ধ্যায় ঢাকায় সূর্যাস্ত হবে ৬টা ৯ মিনিটে এবং আগামীকাল বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৪ মিনিটে।

এনটিভি অনলাইন ডেস্ক