আল্লাহর হুকুম আমাদের পালন করতে হবে : ধর্মমন্ত্রী
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, আল্লাহর হুকুম ছাড়া কোনো উপায় নেই। আল্লাহর হুকুম আমাদের পালন করতে হবে। আল্লাহর হুকুম অনুযায়ী আমাদের চলতে হবে।
আজ মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে সর্ববৃহৎ টেলিভিশনভিত্তিক জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে এনটিভি। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনারও এনটিভি। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ‘পিএইচপি কুরআনের আলো ২০২৬’ এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়।
ধর্মমন্ত্রী বলেন, আমি এখানে কথা দিয়েছিলাম আসব। কিন্তু হঠাৎ করে ক্যাবিনেট মিটিং হয়ে যাওয়াতে গতকালকে সিদ্ধান্ত হয়েছে, আমি মনে করেছিলাম আজকে আসতে পারব না। তবে আমার অতি আপন জন যারা এখানে আছেন, যারা আমার হৃদয়ের কলিজার টুকরার মতন।
ধর্মমন্ত্রী আরও বলেন, আজকের অনুষ্ঠানে আসার জন্য নিজেকে সৌভাগ্যবান মনে করছি। কুরআন কার? আমার আল্লাহর। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদের লালন-পালন করতেছেন। যে আল্লাহ আমাদের হেফাজত করেছেন। যে আল্লাহ সমস্ত পৃথিবীর, সবকিছুর স্রষ্ঠা। সেই আল্লাহর কুরআনের অনুষ্ঠানে আমরা যারা এখানে উপস্থিত হতে পেরেছি সবাই সৌভাগ্যবান।
কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন, যিনি এই অনুষ্ঠানের আয়োজন করেছেন আল্লাহ তাকে আরও বেশি বেশি তৌফিকদান করুক। কুরআনের খেদমত করার জন্য যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আল্লাহপাক তৌফিক দান করুন, এইভাবে কুরআনের অনুষ্ঠানের উপস্থিত হয়ে সবাইকে উৎসাহিত করার।
কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ আরও বলেন, আল্লাহর হুকুমছাড়া কোনো উপায় নেই। আল্লাহর হুকুম আমাদের পালন করতে হবে। আল্লাহর হুকুম অনুযায়ী আমাদের চলতে হবে। কুরআনের নির্দেশনা অনুযায়ী আমাদের চলতে হবে। এছাড়া যত চেষ্টা আমরা করি, শান্তি আমরা পাব না।
যার হাত দিয়ে শুরু ‘পিএইচপি কুরআনের আলো’
১৮ বছরে আগে দেশের প্রথম রিয়েলিটি শো ‘পিএইচপি কুরআনের আলো’ শুরু করেন হাফেজ মাওলানা আবু ইউসুফ। ২০২৪ সালের ২৩ মার্চ ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির যুগ্ম মহাসচিব, অকৃত্রিম কুরআন প্রেমিক, কুরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ ক্যানসারে আক্রান্ত ছিলেন।
এনটিভি আয়োজিত পবিত্র কুরআন বিষয়ক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘পিএইচপি কুরআনের আলো : প্রতিভার সন্ধানে বাংলাদেশ’ এর বিচারক, পরিকল্পনাকারী ও পরিচালক ছিলেন ইসলামিক গবেষক হাফেজ মুহাম্মদ আবু ইউসুফ। ১৯৮০ সালে চাঁদপুরের মতলব উপজেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ছিলেন বিএসটিআই জামে মসজিদের খতিব। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির যুগ্ম মহাসচিবও ছিলেন এই গুণিজন। মৃত্যুর সময় স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন মাওলানা মুহাম্মদ আবু ইউসুফ।

নিজস্ব প্রতিবেদক