সিংড়ার খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করলেন তথ্য প্রতিমন্ত্রী
দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি প্রকল্পের মুক্তাগাছার সিংড়ার খাল পুনঃখনন উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (১৬ মার্চ) দুপুরে এ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
উপজেলার ৫নং বাঁশাটি ইউনিয়নের এ খালটির দৈর্ঘ্য ৫ দশমিক ৮ কিমি।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুক্তাগাছার সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৃষ্ণ চন্দ্র।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয় এই খাল পুনঃখনন বাস্তবায়ন করছে।
এটি মুক্তাগাছার কাজলকোটা বিলের খাল নামে পরিচিত। বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে খালটি পুনঃখনন কর্মসূচি বাস্তবায়নের কাজ হাতে নেওয়া হয়েছে। জেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে খনন করা অনেক খাল এখন ভরাট অবস্থায় রয়েছে। এসব খাল পুনঃখননের মাধ্যমে সেচ ব্যবস্থার উন্নয়ন, মাছ চাষ, হাঁস পালনসহ খাল-নির্ভর অর্থনীতি শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
মুক্তাগাছার এ খালটি পুনঃখননের ফলে এলাকার জলাবদ্ধতা নিরসন এবং পাঁচ শতাধিক একর জমির ফসলহানি কমার পাশাপাশি ধান সাবজিসহ বিভিন্ন ফসলের উৎপাদন দ্বিগুণ বৃদ্ধি এবং সাশ্রয় হবে উৎপাদন খরচ।
তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, নির্বাচনি সব প্রতিশ্রুতি সরকার ধাপে ধাপে বাস্তবায়ন করবে। সরকার অনাবাদি কৃষি জমিতে সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি এ কর্মসূচি কৃষি উৎপাদন বাড়াতে সহায়ক হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থান সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে। খালে মাছ অবমুক্ত এবং রাস্তার পাশে গাছ রোপণ করেন প্রতিমন্ত্রী।
খাল পুনঃখননের ফলে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমবে, যা খরা, বন্যা ও জলাবদ্ধতা কমাতে সহায়ক হবে বলে মত কৃষি বিশেষজ্ঞদের।

আইয়ুব আলী, ময়মনসিংহ