ইউটিউব দেখে জাল টাকা তৈরির কৌশল রপ্ত, যুবক আটক
ফেনীতে বিপুল পরিমাণ জাল নোট ও নোট তৈরির সরঞ্জামসহ ফারুক আহম্মেদ ভূঁইয়া (৩৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে শহরতলীর রানীরহাট বাজার থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে এক সংবাদ সম্মেলনে ফেনী মডেল থানা পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।
আটক ফারুক ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ফেনীর দাগনভূঞা উপজেলার কোরাইশমুন্সিতে ভাড়া বাসায় বসবাস করছিলেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে রানীরহাট বাজারে জাল টাকা লেনদেনের সময় স্থানীয়রা ফারুককে হাতেনাতে ধরে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। প্রাথমিক তল্লাশিতে তার কাছ থেকে ১০০০, ১০০ ও ২০ টাকার নোটসহ মোট ৫ হাজার ৬২০ টাকার জাল নোট জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে ফারুক পুলিশকে জানান, তিনি ঢাকার সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে মার্কেটিংয়ে অনার্স শেষ করে গ্রাফিক্স ডিজাইনের কোর্স করেছিলেন। ইউটিউব ও বিভিন্ন ওয়েবসাইট থেকে জাল টাকা তৈরির কৌশল রপ্ত করে তিনি দাগনভূঞার একটি কম্পিউটার দোকানের আড়ালে এই অপকর্ম চালিয়ে আসছিলেন। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে বাজারে বিপুল পরিমাণ জাল নোট ছাড়ার পরিকল্পনা ছিল তার। মূলত উচ্চশিক্ষিত হয়েও দ্রুত ধনী হওয়ার আশায় তিনি এই অপরাধে জড়িয়ে পড়েন।
ফারুকের দেওয়া তথ্যের ভিত্তিতে দাগনভূঞার রাজাপুর ইউনিয়নের কোরাইশমুন্সিস্থ তার ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ১ লাখ ২৫ হাজার ৩৬০ টাকা সমমূল্যের ছাপানো ও আংশিক ছাপানো জাল নোট জব্দ করা হয়। এছাড়া জাল নোট তৈরিতে ব্যবহৃত একটি ইপসন মাল্টি কালার প্রিন্টার, মনিটর, প্রসেসর, বিশেষ ধরনের কাগজ, কাটার এবং নোটের পিচ্ছিল ভাব আনতে ব্যবহৃত ডালডা ঘি জব্দ করা হয়।
ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাস জানান, আটক আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

জাহিদুল রাজন, ফেনী জেলা (সদর-ছাগলনাইয়া)