এসপির গাড়ি আটকে চালককে মারধর-সড়ক অবরোধ, বাসচালক আটক
দিনাজপুরের হিলিতে ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপারকে (এসপি) বহনকারী মাইক্রোবাস আটকে চালককে মারধর এবং সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে হিলির চারমাথা মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মব সৃষ্টি ও বিশৃঙ্খলা তৈরির অভিযোগে এসআর পরিবহণের চালক হাফিজুল ইসলামকে আটক করেছে পুলিশ।
ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার বেলাল হোসেন জানান, নওগাঁর পত্নীতলায় নিজ বাড়ি থেকে ছুটি শেষে বডিগার্ড ও চালকসহ মাইক্রোবাসে করে তিনি কর্মস্থলে ফিরছিলেন। পথে জয়পুরহাটের পাঁচবিবিতে ইফতার শেষ করে রওনা হওয়ার পর হিলিগামী একটি এসআর পরিবহণের কোচ তাদের মাইক্রোবাসটিকে সাইড না দিয়ে উল্টো চাপিয়ে দেয়। এতে মাইক্রোবাসটি সড়কের পাশের একটি গাছের ডালের সঙ্গে ধাক্কা খায়। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান এসপিসহ গাড়িতে থাকা যাত্রীরা।
কিছুদূর গিয়ে কোচটি থামানো হলে এসপির বডিগার্ড ও চালক বিপজ্জনকভাবে গাড়ি চালানোর কারণ জানতে চান। এ সময় কোচের চালক ও সুপারভাইজার তর্কে জড়িয়ে পড়লে এসপি নিজে গাড়ি থেকে নেমে পরিচয় দেন এবং কথা বলেন। পরে সুপারভাইজারের অনুরোধে বিষয়টি সেখানেই মীমাংসা করে তারা পুনরায় যাত্রা শুরু করেন।
পুলিশ সুপার আরও জানান, হিলি চারমাথা মোড়ে পৌঁছালে ওই কোচের চালক ও সুপারভাইজার স্থানীয় শ্রমিকদের নিয়ে একজোট হয়ে পুনরায় সড়ক অবরোধ করে মাইক্রোবাসটি আটকায়। সেখানে এসপির চালককে মারধর করা হয়। খবর পেয়ে হাকিমপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। ঘটনার পর পরিবহণ শ্রমিকরা থানা ঘেরাও করে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালায়।
এসপি জানান, বেপরোয়া গাড়ি চালানোর ভিডিও ফুটেজ তার কাছে সংরক্ষিত আছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, ঘটনার শুরু থেকেই এসআর পরিবহণের চালক হাফিজুল ইসলাম মব সৃষ্টির চেষ্টা চালাচ্ছিলেন। তাকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে।

জাহিদুল ইসলাম, হিলি