অপরাধ দমনে সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে অঙ্গীকারবদ্ধ : পার্বত্য প্রতিমন্ত্রী
সমাজের অপরাধ দমন ও অপরাধী গ্রেপ্তারে বর্তমান সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেছেন, একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে।
গতকাল শুক্রবার (৬ মার্চ) রাতে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত ইফতার মাহফিল এবং হাটহাজারী উপজেলা হেফাজত ইসলামের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে আয়োজিত ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, চাঁদাবাজি ও দখলবাজি রোধে সরকার শক্ত অবস্থানে রয়েছে। জনগণের প্রত্যাশা পূরণ ও জানমালের নিরাপত্তা বিধানে কোনো দলীয় পরিচয় বিবেচনা করা হবে না। এমনকি অপরাধের সঙ্গে জড়িত থাকলে দলীয় নেতা-কর্মীদেরও ছাড় দেওয়া হবে না। প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, বিপুল জনরায় নিয়ে গঠিত এই সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ ও শান্তিময় জাতি গঠনে কাজ করে যাচ্ছে।
একই দিনে হাটহাজারী উপজেলা হেফাজত ইসলামের ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী মীর হেলাল ধর্মীয় সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আমরা স্বাধীন বাংলাদেশে সব বাংলাদেশি সমান অধিকার নিয়ে বাঁচব। যার যার ধর্ম সেই পালন করবে। কারও ধর্মের ওপর আঘাত না করে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করাই আমাদের লক্ষ্য। আমরা সবাই মিলে দ্বীনের হেফাজত করব এবং হাটহাজারীকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জনপদে পরিণত করব।
হাটহাজারীর উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও বায়েজিদ আংশিক) আসনের রাস্তাঘাট মেরামতসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি প্রকল্পের ‘লাইভ আপডেট’ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। জনগণের যেকোনো অভিযোগ বা অনুযোগ সরাসরি জানানোর সুযোগ রয়েছে বলেও তিনি আশ্বস্ত করেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য এরশাদউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান। এতে মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কয়েক হাজার নেতাকর্মীসহ বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিরা অংশ নেন।
অন্যদিকে হাটহাজারী উপজেলা হেফাজতের সভাপতি আল্লামা মুফতি মুহাম্মদ আলী কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠানে হেফাজতের নায়েবে আমির মুফতি জসিম উদ্দিন, হাটহাজারী মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা শোয়াইব জমিরীসহ বিশিষ্ট ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।
পরিশেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া এবং আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত, দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এনটিভি অনলাইন ডেস্ক