দুই মোটরসাইকেলের সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত
জামালপুরের মেলান্দহে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একজন।
গতকাল বুধবার (৪ মার্চ) দিনগত রাত ২টার দিকে মেলান্দহ পৌর এলাকার মিয়ারপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন–কাজল (৪২) ও তার ভাতিজা আকাশ (২০)। তারা একই মোটরসাইকেলে ছিলেন। দুজনই হাজরাবাড়ী বাজারে একটি সেলুনে কাজ করতেন। আহত ব্যক্তি হলেন সাইম (২২)। তিনি অপর বাইকে ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ২টার দিকে মেলান্দহ উপজেলার মাহমুদপুর এলাকায় বিয়ের দাওয়াত শেষে মোটরসাইকেলে করে বাড়ির দিকে ফিরছিলেন কাজল মিয়া ও আকাশ মিয়া। ফেরার পথে মিয়ারপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আকাশ মিয়া নিহত হন।
খবর পেয়ে স্থানীয়রা কাজল মিয়াকে উদ্ধার করে মেলান্দহ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে পাঠান। আজ সকাল ৭টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে ও অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এই বিষযে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

আসমাউল আসিফ, জামালপুর