বর্তমানে বাজার পরিস্থিতি সহনীয় : বাণিজ্য প্রতিমন্ত্রী
রমজানের শুরুতে কিছু পণ্যের দাম বাড়লেও বর্তমানে বাজার পরিস্থিতি সহনীয় পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
আজ রোববার (১ মার্চ) বিকেলে কিশোরগঞ্জ শহরের বড়বাজারের মনিহারির দোকান ও সবজি আড়ৎ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, রমজানে দ্রব্যমূল্য নিয়ে মানুষের স্বস্তি নিশ্চিত করতে সারাদেশে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। সারাদেশে পর্যায়ক্রমে আমরা সফর করছি। বাজার যেন জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে, সেদিকে নজর রাখছি। কেউ যেন সুযোগ নিতে না পারে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শরীফুল আলম বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাশাপাশি টিসিবির একাধিক টিম মাঠে সক্রিয় রয়েছে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাব প্রসঙ্গে তিনি বলেন, জ্বালানি নির্ভর বৈশ্বিক বাজারে কিছুটা প্রভাব পড়ার আশঙ্কা থাকলেও সরকার এ বিষয়ে সজাগ রয়েছে।
বাজার পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।
এ সময় টিসিবির প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। পরে জেলা শহরের জেলা স্মরণী মোড়ে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক সেল কার্যক্রম পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।

আদি রাকিব, কিশোরগঞ্জ (সদর-হোসেনপুর)