মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, যুবক নিহত
খুলনার কয়রায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সাব্বির (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফুলতলা বাজার সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে। এতে অপর এক যুবক গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
নিহত সাব্বির উপজেলার মহারাজপুর গ্রামের মাওলানা আবুল বাশারের ছেলে। আহত যুবকের নাম রাজা (২৩)। তিনি একই গ্রামের মাওলানা রোকনুজ্জামানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগামী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি তাল গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহী দুজনই গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজিত কুমার বৈদ্য জানান, হাসপাতালে আনার পর সাব্বিরকে মৃত ঘোষণা করা হয়েছে। আহত রাজাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে খুলনায় পাঠানো হয়েছে।

তরিকুল ইসলাম, খুলনা (কয়রা-সুন্দরবন-উপকূল)