‘কিশোরীকে ধর্ষণ-হত্যা নৈতিকতা ও আইনের শাসনের ওপর চরম আঘাত’
নরসিংদীর মাধবদীতে কিশোরীকে অপহরণ, ধর্ষণ ও নির্মমভাবে হত্যায় উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এমন মর্মান্তিক ঘটনায় গভীর শোক, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছি। কিশোরীকে ধর্ষণের পর পৈশাচিক কায়দায় হত্যা মানবতা, নৈতিকতা ও আইনের শাসনের ওপর চরম আঘাত।
এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, আমি নিহত কিশোরীর রূহের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত সকল অপরাধী-তারা যে দল, গোষ্ঠী বা প্রভাবশালী মহলেরই হোক না কেন, তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি।
জামায়াতের এই নেতা বলেন, ধর্ষণ ও হত্যার মতো জঘন্য অপরাধের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব, সামাজিক চাপ বা আপস-মীমাংসার সুযোগ থাকতে পারে না। ধর্ষকরা বিএনপি অথবা যে দলেরই হোক, তাদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এ ধরনের ঘটনা ধামাচাপা দেওয়ার অপচেষ্টা আরও বড় অপরাধ। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ন্যায়বিচার নিশ্চিত না হলে সমাজে আইনের প্রতি মানুষের আস্থা নষ্ট হবে এবং অপরাধীরা আরও উৎসাহিত হবে।
জামায়াতের এই নেতা আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় ন্যায়বিচার, মানবাধিকার ও সামাজিক নিরাপত্তার পক্ষে সোচ্চার ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমি সরকারের প্রতি আহ্বান জানাই–দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে নরসিংদীর এই ধর্ষণ ও হত্যা মামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারপূর্বক অতি দ্রুত বিচার সম্পন্ন করে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

নিজস্ব প্রতিবেদক