সচিবালয় থেকে হেঁটে ওসমানী মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী
সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টায় তিনি সচিবালয়ের এক নম্বর ভবন থেকে নেমে ৫ নম্বর গেট দিয়ে বের হয়ে পরিবহন পুল ভবনের সামনে দিয়ে ওসমানী মিলনায়তনে যান।
প্রধানমন্ত্রী তারেক রহমান হেঁটে গেলেও তার পেছনে ধীর গতিতে চলে গাড়ি বহর। আশপাশে ছিল এসএসএফ, পিজিআরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
ওসমানী স্মৃতি মিলনায়তনে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক ২০২৬’ তুলে দেন প্রধানমন্ত্রী।
এর আগে সকাল ৯টা ৪ মিনিটে সচিবালয়ে এসে উপস্থিত হন প্রধানমন্ত্রী। এসে তিনি মন্ত্রিসভা বৈঠকে অংশ নেন।
আজ দুপুর ২টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন তারেক রহমান।

এনটিভি অনলাইন ডেস্ক