হঠাৎ অসুস্থ জামায়াত আমির ডা. শফিকুর
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শেওড়াপাড়া এলাকায় কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে যাওয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন।
জামায়াতে ইসলামীর সূত্রে জানা যায়, ডা. শফিকুর রহমান উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। তিনি অনুষ্ঠানস্থলের উদ্দেশে রওনা দেন। তবে যাত্রাপথেই হঠাৎ বমি করেন এবং শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি আর অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।
এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসা বলেন, আজকের ইফতার মাহফিলে জামায়াত আমিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। তিনি যাত্রাও করেছিলেন। হঠাৎ পথিমধ্যে অসুস্থ হয়ে পড়ায় অনুষ্ঠানস্থলে আসতে পারেননি। আমরা সবাই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করছি।
ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন বলেন, আমরা জামায়াত আমিরের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে দেন।

নিজস্ব প্রতিবেদক