আওয়ামী লীগের কার্যালয় খোলা নিয়ে জামায়াতে ইসলামীর উদ্বেগ
দেশের বিভিন্ন স্থানে কার্যালয় খুলে আওয়ামী লীগ দলীয় কার্যক্রম পরিচালনার অপচেষ্টা করছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে বলা হয়, আওয়ামী লীগ অফিস খুলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় জনগণের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।
আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের সই করা এক বিবৃতিতে এসব কথা বলা হয়।
বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি নিষিদ্ধ দল। তাদের রাজনৈতিক বা প্রশাসনিক কোনো কার্যক্রম পরিচালনার বৈধ এখতিয়ার নেই। সাম্প্রতিক জাতীয় নির্বাচনের আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আরও কতিপয় নেতা প্রকাশ্যে বলেছেন, বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মামলা থেকে মুক্তি, নিরাপত্তা ও বিশেষ সুবিধা দেওয়া হবে। তাঁদের এই ধরনের বক্তব্যের সুযোগ নিয়ে নিষিদ্ধ দলটি আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে। বিশেষত শাসক দলের ‘ছাড় দেওয়ার মানসিকতা’ তাদের প্রত্যাশাকে উসকে দিচ্ছে। আমি সরকারের ‘ছাড় দেওয়ার মানসিকতায়’ গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আওয়ামী লীগ দেশের বিভিন্ন জায়গায় তাদের দলীয় অফিস খুলে ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছে এবং ভীতিকর পরিবেশ সৃষ্টি করছে। এতে দেশে আবারও অতীতের জুলুম-নির্যাতনের পুনরাবৃত্তির আশঙ্কা সৃষ্টি হচ্ছে। এক্ষেত্রে সরকার ও প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ লক্ষ করা যাচ্ছে না। দেশ ও জনগণের নিরাপত্তা রক্ষা করা সরকারের অঙ্গীকার এবং সাংবিধানিক দায়িত্ব।
এ বিষয়ে সরকারের স্পষ্ট অবস্থান কামনা করে বিবৃতিতে বলা হয়, দেশের শান্তি, আইনশৃঙ্খলা এবং নাগরিকদের নিরাপত্তা রক্ষায় অবিলম্বে দৃঢ় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। পতিত ফ্যাসিবাদী শক্তিকে কোনো ধরনের সুযোগ দেওয়া জাতির জন্য আত্মঘাতী ছাড়া আর কিছু নয়। পাশাপাশি জামায়াতে ইসলামী দেশের সর্বস্তরের জনগণকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ব্যাপারে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানায়।

নিজস্ব প্রতিবেদক