র্যাবের সাবেক ডিজি হারুন ও স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ
অবৈধ সম্পদ অর্জনের মামলায় র্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. হারুন অর রশিদ এবং তার স্ত্রী ফাতেহা পারভীন লুনার নামে থাকা ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্র অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ বিষয়ে নিশ্চিত করে বলেন, দুদকের আবেদনের পর আদালত এই নির্দেশনা দেন।
দুদকের আবেদনে বলা হয়, তাদের বিরুদ্ধে ১০০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানাধীন। আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ বিপুল অস্থাবর সম্পদের তথ্য পাওয়ায় এবং সম্পদ অন্যত্র সরিয়ে ফেলার আশঙ্কায় ওয়ান ব্যাংকের বিভিন্ন মেয়াদি আমানত ও জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সঞ্চয়পত্রসহ প্রায় ৬৪ লাখ টাকার অধিক সম্পদ অবরুদ্ধের আবেদন করা হয়।

আদালত প্রতিবেদক