মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে আটক ৭
কুমিল্লার মুরাদনগরে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়েকোবাদের মাদকবিরোধী কঠোর ঘোষণার পরপরই মাঠে নেমেছে প্রশাসন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের চৌধুরীকান্দি এলাকায় এক বিশেষ অভিযানে ইয়াবা সেবনরত অবস্থায় ৭ জনকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব হাসান খান।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানা পুলিশের একটি দল চৌধুরীকান্দি এলাকার একটি বাড়িতে হানা দেয়। অভিযানে এসআই আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অংশ নেয়। এ সময় মাদক সেবনের অপরাধে নবীপুর গ্রামের আবুল কালাম আজাদ ও জুলহাস আহমেদ, রামধনীমুড়া এলাকার মশিউর রহমান, ইয়াসিন ও সবুর মিয়া এবং নিমাইকান্দি এলাকার মনির হোসেন ও সোহেল মিয়াকে আটক করা হয়।
আটকের পর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দোষ স্বীকার করায় অভিযুক্ত ৭ জনের প্রত্যেককে ২০০ টাকা করে মোট ১ হাজার ৪০০ টাকা জরিমানা এবং ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান জানান, মাদক নির্মূলে ধর্মমন্ত্রীর দেওয়া নির্দেশনা অনুযায়ী এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি ধর্মমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর নিজ এলাকায় প্রথম সফরে এসে মাদক ও অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেন। তার এই কড়া বার্তার পর থেকেই মুরাদনগর উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে।

মাহফুজ নান্টু, কুমিল্লা