অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দেখা হলো না যুবকের
সেহরি খেয়ে ভোরে স্ত্রীকে দেখতে যাওয়ার কথা ছিল। কয়েক দিন আগে ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে এসেছিলেন পাবনার বেড়ার শ্বশুরবাড়িতে। কিন্তু সেই দেখা আর হলো না। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন হৃদয় ইসলাম লাদেন (২৫) নামে এক যুবক।
নিহত হৃদয় ইসলাম বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের মামুরশাহী পূর্বপাড়া গ্রামের দুলালের ছেলে।
পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার শেষ রাতে সেহরি খাওয়ার পর স্ত্রীর সঙ্গে কথা হয়েছিল হৃদয়ের। স্ত্রীকে কথা দিয়েছিলেন আজই তাকে দেখতে শ্বশুরবাড়ি যাবেন। সকালে মোটরসাইকেলযোগে সিরাজগঞ্জের শাহজাদপুর অভিমুখে রওনা দেন তিনি। পথিমধ্যে একটি যাত্রীবাহী বাসচাপায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম আজাদ বলেন, পবিত্র মাহে রমজানের প্রথম দিনেই এমন দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। খবর পাওয়ার পর থেকেই আমরা শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, দুর্ঘটনার খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাহিদ হাসান বগুড়া (শেরপুর-নন্দিগ্রাম)