ঈশ্বরদীতে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত, আহত ২
পাবনার ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কের ভাদুর বটতলা তেল পাম্প সংলগ্ন এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী রিমন ছিটকে সড়কে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।
নিহত রিমন (১৮) সাঁড়া ইউনিয়নের গোপালপুর গ্রামের আজিজলের ছোট ছেলে। তিনি গোপালপুর বি এম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রিমন বন্ধুদের নিয়ে টিভিএস কোম্পানির ফোর-ভি মোটরসাইকেলে তেল পাম্প থেকে তেল নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন। অসাবধানতাবশত সড়কে উঠতেই প্রথমে অটোরিকশার সঙ্গে সংঘর্ষ এবং পরে ট্রাকচাপার ঘটনা ঘটে।
অটোরিকশায় থাকা যাত্রী ও মোটরসাইকেলে থাকা অপর আরোহীকে গুরুতর আহত অবস্থায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রাসেল আলী, পাবনা (ঈশ্বরদী)