বিএনপি প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ককে কুপিয়ে জখম
পিরোজপুর-১ আসনের ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সাবেক সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক নাসিরকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মল্লিক নিপুও আহত হয়েছেন।
গতকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে সদর উপজেলার পাড়েরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।
প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দুজনকেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত মহিউদ্দিন মল্লিক নাছির পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের শংকরপাশা গ্রামের মৃত মোজাহার মল্লিকের ছেলে। আর আহত রিয়াজ উদ্দিন মল্লিক নিপু একই এলাকার শাহজাহান মল্লিক ছেলে।
আহতদের ভাষ্য অনুযায়ী, রাত ১১টার দিকে ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বাসস্ট্যান্ডে ৮ থেকে ১০টি মোটরসাইকেলে এসে একদল অপরিচিত হামলাকারী অতর্কিতভাবে ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে দুজনেরই শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনায় পাঠানো হয়।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, আহত দুজনের শরীরের বিভিন্ন স্থানে গভীর জখম রয়েছে। একজন দুই পায়ে গুরুতর জখম অবস্থায় এসেছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করা হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বলেন, ঘটনার সংবাদ পেয়ে হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে হামলার কারণ ও জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

রশিদ আল মুনান, পিরোজপুর