রেকর্ড গড়ে ৬ষ্ঠবারের মতো এমপি হলেন কায়কোবাদ
কুমিল্লার রাজনীতিতে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। ষষ্ঠ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে জেলায় রেকর্ড গড়েছেন সাবেক এই প্রতিমন্ত্রী। জীবনের পড়ন্ত বেলায়ও ভোটারদের আস্থা ধরে রাখতে সক্ষম হয়েছেন তিনি। অতীতের উন্নয়ন কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে ভোটাররা আবারও তার পক্ষেই রায় দিয়েছেন।
এদিকে কুমিল্লাজুড়ে জোর গুঞ্জন চলছে বর্ষীয়ান এই সংসদ সদস্য আগে যেহেতু ধর্ম প্রতিমন্ত্রী ছিলেন এবার তিনি একই দপ্তরের পূর্ণমন্ত্রীত্ব পেতে পারেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ১ লাখ ৫৯ হাজার ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউসুফ সোহেল পান ১ লাখ ৯ হাজার ভোট। অর্ধলাখের বেশি ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন কায়কোবাদ।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বাংলাদেশ প্রতিষ্ঠার পর কুমিল্লার কোনো আসনে কোনো নেতা এর আগে ৬ বার সংসদ সদস্য হতে পারেননি। সর্বোচ্চ ৪ বা ৫ বার নির্বাচিত হওয়ার নজির থাকলেও সেই সীমা অতিক্রম করে অনন্য উচ্চতায় পৌঁছালেন তিনি।
কুমিল্লা-১১ ও সাবেক কুমিল্লা-১২ (চৌদ্দগ্রাম) আসন থেকে ৫ বার নির্বাচিত হয়েছেন মুজিবুল হক মুজিব। কুমিল্লা-৭ ও সাবেক কুমিল্লা-৮ (চান্দিনা) আসন থেকে আলী আশরাফ ৫ বার জয়লাভ করেন। একই আসনে রেদোয়ান আহমেদ ৩ বার নির্বাচিত হন।
কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসন থেকে খন্দকার মোশাররফ হোসেন একাধিকবার নির্বাচিত হয়েছেন। কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসন থেকে এম কে আনোয়ার ৪ বার জয় পান। কুমিল্লা-৬ (সদর) আসন থেকে আ ক ম বাহাউদ্দিন বাহার ৪ বার নির্বাচিত হয়েছেন। কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসন থেকে আব্দুল মতিন খসরু ৪ বার নির্বাচিত হন। কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে মঞ্জুরুল আহসান মুন্সি ৩ বার সংসদ সদস্য হন।

মাহফুজ নান্টু, কুমিল্লা