মেহেরপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ৭, আটক ৩
মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়াকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলা ও মুজিবনগর উপজেলার পৃথক এলাকায় এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যাওয়ার সময় একটি গ্রুপ ভোটারদের বাধা দেয়। পরে ভোট দিয়ে ফেরার পথে শিবপুর গ্রামের সুমন ও তার পরিবারের ওপর হামলা চালানো হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে কয়েকজন আহত হন। এ ঘটনায় জড়িত সন্দেহে শাহাবুদ্দিন নামে একজনকে আটক করা হয়।
অন্যদিকে, মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে সকাল সাড়ে নয়টার দিকে ভোটকেন্দ্রে আসতে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে বিএনপি সমর্থক আশাদুল এবং জামায়াত সমর্থক বাইজিদ, আবু ওবাইদা, মাহাফিজুর রহমান রিটন ও আইনাল গাজী আহত হন। এ সময় পুলিশ দুজনকে আটক করে।
পুলিশ জানায়, জয়পুর গ্রামের ভোটকেন্দ্রের প্রায় ১০০ গজ দূরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়াকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং নির্বিঘ্নে ভোটগ্রহণ চলছে।
এদিকে, ঘটনার খবর পেয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর