শিশু গৃহকর্মীকে নির্যাতন : বিমানের সাবেক এমডি শফিকুরসহ রিমান্ডে ৪
শিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শফিকুর রহমান ওরফে সাফিকুর রহমান ও তার স্ত্রী বিথীসহ চারজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিতে আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এই আদেশ দেন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ আসামিদের হাজির করে কারাকর্তৃপক্ষ। এরপরে তাদের আদালতে তোলা হয়। এ সময় শুনানি শেষে বিচারক শফিকুর রহমানের পাঁচ দিন, তার স্ত্রী বিথীর সাত দিন, গৃহকর্মী রুপালী খাতুনের পাঁচ দিন ও মোছা. সুফিয়া বেগমের ছয় দিন রিমান্ডের আদেশ দেন আদালত।
এর আগে গ্রেপ্তারের পর গত ২ ফেব্রুয়ারি এই মামলায় শফিকুর রহমান ওরফে সাফিকুর রহমান ও তার স্ত্রী বিথীসহ চারজনকে কারাগারে পাঠানো হয়। কারাগারে যাওয়া অন্য আসামিরা হলেন— শফিকুর রহমানের বাসার অপর দুই গৃহকর্মী রুপালী খাতুন এবং মোছা. সুফিয়া বেগম।
মামলার নথি থেকে জানা গেছে, উত্তরা ৯ নম্বর সেক্টরের শফিকুর রহমানের বাসায় বাচ্চা দেখাশোনা করার জন্য ছোট মেয়ে খোঁজা হচ্ছে। বিষয়টি ওই বাসার নিরাপত্তাকর্মী ভু্ক্তভোগি শিশুর বাবা গোলাম মোস্তফাকে জানান। পরে শফিকুর রহমানের পরিবারের সঙ্গে দেখা করেন গোলাম মোস্তফা। তারা জানায়, যাকে রাখা হবে তার বিয়েসহ যাবতীয় খরচ বহন করা হবে। তাতে সম্মত হয়ে গত বছরের জুন মাসে শিশু মোহনাকে ওই বাসায় কাজে দেন মোস্তফা। সর্বশেষ গত বছরের ২ নভেম্বর ওই বাসায় মোহনাকে সুস্থ অবস্থায় দেখে আসেন বাবা। এরপর আর মোহনাকে পরিবারের সঙ্গে দেখা করতে দেয়নি আসামিরা।
শফিকুর রহমানের স্ত্রী বিথী ৩১ জানুয়ারি মোস্তফাকে ফোন করে জানান, মোহনা অসুস্থ ও তাকে নিয়ে যেতে। পরে মোহনাকে আনতে যান গোলাম মোস্তফা। সন্ধ্যা ৭টার দিকে গোলাম মোস্তফার কাছে মোহনাকে বুঝিয়ে দেন বিথী। তখন মোস্তফা দেখতে পান মোহনার দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থান গুরুতর জখম। এ সময় মোহনা ভালোভাবে কথাও বলতে পারছিল না। বিথীকে এর কারণ জিজ্ঞাসা করলে তিনি সদুত্তর দিতে পারেননি। পরে তিনি মোহনাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। জিজ্ঞাসাবাদে মোহনা জানায়, ২ নভেম্বর মোস্তফা তার সঙ্গে দেখা করে যাওয়ার পর থেকে বিভিন্ন সময়ে অকারণে শফিকুর রহমান এবং বিথীসহ অজ্ঞাতনামা আসামিরা তাকে মারধরসহ আগুনে খুন্তি গরম করে তার শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দিয়ে গুরুতর জখম করেছে।
এ ঘটনায় হোটেল কর্মচারী বাবা গোলাম মোস্তফা বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলাটি দায়ের করেন।

আদালত প্রতিবেদক