সালাম মুর্শেদী ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও বাফুফের সাবেক সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী এবং তার স্ত্রী শারমিন সালামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
আজ রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। এদিন আদালতে দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
রিয়াজ হোসেন বলেন, দুদক আবেদনে বলেছে, সালাম মুর্শেদী এবং অন্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে গোপন সূত্রের ভিত্তিতে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্টরা দেশত্যাগ করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিতকরণ একান্ত আবশ্যক।
২০২৪ সালের ১ অক্টোবর দিনগত রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সালাম মুর্শেদীক গ্রেপ্তার করা হয়।

আদালত প্রতিবেদক