আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য : জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমি বিশ্বাস করি—এখানে রণাঙ্গনের মুক্তিযোদ্ধাও আছেন অথবা তাদের সন্তানেরা আছেন। আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। আমার যে ভাই জীবন দিয়েছেন, আমি বিশ্বাস করি এমন বাংলাদেশের চিত্র দেখলে তিনি হয়ত সেদিন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতেন না।
আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে হবিগঞ্জে এক নির্বাচনি জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির।
ডা. শফিকুর রহমান বলেন, জীবন বাজি রেখে, জীবন দিয়ে যারা আমাদেরকে ঋণী করে গেলেন, ইয়াদের প্রতি এদেশ, এ জাতি, রাজনৈতিক দল ও নেতারা কী সম্মান দেখাল! তারা স্বপ্ন দেখেছিল, একটি ন্যায় সাম্যের বাংলাদেশ কায়েম করবে। মানুষের জীবনে অর্থনৈতিক মুক্তি আসবে, সন্তানরা সুশিক্ষা পাবে। আবাল বৃদ্ধ বনিতা তাদের স্বাস্থ্য পরিচর্যার সমস্ত অধিকার ভোগ করবে। সমাজে ন্যায়বিচার থাকবে এবং সমাজে নিরাপত্তা থাকবে এবং ন্যায়বিচার নিশ্চিত হবে। আসলে কিছুই হলো না। কার কারণে হলো না? এজন্য কি সাধারণ জনগণ দায়ী? অবশ্যই না।
জামায়াত আমির বলেন, দফায় দফায় যারা দেশ পরিচালনার সুযোগ পেয়েছিলেন, ভালো যদি কিছু করে থাকেন এটাও তাদের কৃতিত্ব। কেউ কোনো কিছু ভালো করেনি, এ কথা আমি বলব না। কিন্তু যে দেশটি আল্লাহ তায়ালা সম্পদে ঢেক দিয়েছেন, মাটির নিচেও সম্পদ আছে, মাটির উপরে সম্পদ আছে, পানিতে সম্পদ আছে, যে দেশের মানুষ পরিশ্রমী, যে দেশের মানুষের হাতের ছোঁয়ায় দুনিয়ার বিভিন্ন দেশের মানুষের কপাল বদলে যায়, এদেশের মানুষের কপাল বদলায় না কেন? এই না বদলানোর মূল কারণ হলো অসৎ নেতৃত্ব। বিস্তারিত দেখুন ভিডিওতে।

এনটিভি অনলাইন ডেস্ক