তৃণমূলের মানুষ ঐক্যবদ্ধ বাংলাদেশকে ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছে : হাসনাত
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, হাইব্রিড বিএনপি এসে বিএনপির মূল নেতা-কর্মীদের কোণঠাসা করে ফেলেছে। বিএনপির তৃণমূলের যেসব নেতাকর্মী খালেদা জিয়ার আদর্শে বিশ্বাস করেন, তারা চাঁদাবাজি করেন না। তারা ঐক্যবদ্ধ বাংলাদেশকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। তারা ধানের শীষ নিয়ে মিছিল করে কেন্দ্রে যাবে, কিন্তু ভোট দেবে দাঁড়িপাল্লায়, ভোট দেবে শাপলা কলিতে, ভোট দেবে রিকশা মার্কায়।
আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে ১১ দলীয় জোট আয়োজিত এক নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, একটি পক্ষ মা–বোনদের হিজাব খুলে নিতে চায়। আরেকটি পক্ষ আগামীতে ভারতের দালালি ও গোলামি করার প্রস্তুতি নিচ্ছে। তারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা ও প্রত্যাশাকে ধারণ করে না। সে কারণেই তাদের নেতারা প্রকাশ্যে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নেয়, কিন্তু কর্মীরা গোপনে ‘না’-এর পক্ষে অবস্থান নিচ্ছে।
হাসনাত বলেন, আমরা মুক্তির দ্বারপ্রান্তে পৌঁছে গেছি। নীরবে একটি বিপ্লব ঘটে গেছে। কৃষক, কামার, শ্রমিক ও মজুররা নীরবে নিভৃতে আর্তনাদ করছে। তারা আতঙ্কে রয়েছে- যদি অশুভ শক্তি, টেন্ডারবাজ ও চাঁদাবাজরা আবার ফিরে আসে, তাহলে ব্যবসার পরিবেশ বিঘ্নিত হবে এবং আবার চাঁদা দিয়ে জীবনযাপন করতে হবে।
নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, প্রত্যেক মানুষের দ্বারে দ্বারে আপনাদের যেতে হবে। মনে রাখতে হবে, ভোট নেতার কাছে নয়- ভোট জনগণের কাছে। যদি জানেন কেউ আপনার বিরুদ্ধে ভোট দিচ্ছে, তার কাছেও দাঁড়িপাল্লা ও শাপলা কলির দাওয়াত পৌঁছে দিতে হবে। সে আপনারই অপেক্ষায় আছে।
হাসনাত আব্দুল্লাহ বলেন, আগামী নির্বাচন কেমন হবে, তার টেস্ট ম্যাচ শুক্রবার আপনারা ঢাকায় দেখেছেন। আওয়ামী ফ্যাসিবাদী কায়দায় পুলিশ তার নগ্ন রূপে ফিরে গেছে।
এনসিপি যশোরের প্রধান সমন্বয়ক নূরুজ্জামানের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন যশোর-৩ আসনে জামায়াতের প্রার্থী আব্দুল কাদের, এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক শাকিব শাহরিয়ারসহ জামায়াতে ইসলামী ও এনসিপি যশোরের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সাইফুল ইসলাম সজল, যশোর