এবারের নির্বাচন দেশকে পুনর্গঠন করার নির্বাচন : তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এবারের নির্বাচন শুধু দেশের জনপ্রতিনিধি নির্বাচিত করার নির্বাচন নয়, এবারের নির্বাচন হবে আমাদের দেশকে পুনর্গঠন করার নির্বাচন।
আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, গত এক যুগ ধরে বাংলাদেশের মানুষ তাদের যেমন রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারে নাই, তারা কথা বলার স্বাধীনতা পায় নাই, ঠিক একইভাবে বাংলাদেশের মানুষ অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার অধিকার থেকেও অনেক পিছিয়ে গিয়েছে।
এই জনসভায় উত্তরবঙ্গের ভূ-প্রকৃতি ও কৃষি সম্ভাবনাকে কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন তারেক রহমান। তিনি বলেন, কৃষির সঙ্গে সম্পৃক্ত যত ধরনের শিল্প ও কলকারখানা আছে, সেগুলো এই অঞ্চলেই গড়ে তোলা হবে। যাতে স্থানীয়দের কাজের সন্ধানে এলাকা ছেড়ে দূরে যেতে না হয়। বিশেষ করে চিনি ও রেশম শিল্পের হারানো গৌরব ফিরিয়ে এনে স্থানীয় কৃষকদের আয়ের নতুন উৎস তৈরি করাই হবে আগামী দিনের অন্যতম লক্ষ্য।
এ ছাড়া ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ক্ষমতায় গেলে জেলায় একটি আধুনিক ক্যাডেট কলেজ স্থাপনের কাজ দ্রুত শুরু করার প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান।

এনটিভি অনলাইন ডেস্ক