শীতলপাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়লেন জামায়াত আমির
ঝালকাঠিতে নির্বাচনি জনসভার মঞ্চে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে শীতলপাটি উপহার পেয়ে ব্যতিক্রমী এক দৃশ্যের অবতারণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। উপহার গ্রহণের পর তিনি মঞ্চেই পাটি বিছিয়ে শুয়ে পড়েন। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি উঠে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠি বয়েজ স্কুল মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শফিকুর রহমান।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, আমরা এমন বাংলাদেশ চাই না, যেখানে মা-বোনদের ইজ্জতের কোনো গ্যারান্টি নেই। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে ঘরে-বাইরে, কর্মক্ষেত্রে ও শিক্ষাপ্রতিষ্ঠানে মা-বোনেরা নিরাপদে চলাফেরা ও বসবাস করতে পারবেন।
জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, ঝালকাঠি-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করিম, ঝালকাঠি-১ আসনের প্রার্থী ড. ফয়জুল হক, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান ও এবি শ্রমিক পার্টির যুগ্ম সমন্বয়ক শেখ জামাল হোসেন।

এম এস পলাশ, ঝালকাঠি (সদর-নলছিটি)