দেশ-জাতি ও মুসলিম বিশ্বের উন্নতি কামনা তারেক রহমানের
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পবিত্র শবে বরাতের রজনীতে দেশ, জাতি, তথা মুসলিম বিশ্বের উত্তরোত্তর উন্নতি, কল্যাণ ও শান্তি কামনা করছি।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে আজ সোমবার (২ ফেব্রুয়ারি) এক পোস্টে এ কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘শাবান মাসের একটি মহিমান্বিত রাতের নাম শবে বরাত। এ উপলক্ষে আমি বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সব মুসলমানের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি।’
বিএনপি চেয়ারম্যান বলেন, ‘বরাত অর্থ নাজাত বা মুক্তি, শবে বরাতের রাতের গুরুত্ব অপরিসীম। শবে বরাতে পরম করুণাময় তাঁর বান্দার জন্য খুলে দেন রহমত আর দয়ার ভান্ডার। তাই এ রাতের ফজিলত ও মর্যাদা অনেক বেশি। এই রজনী জানান দেয় রমজানের আগমনী বার্তা।’
তারেক রহমান বলেন, ‘এই পবিত্র রাতে ধর্মপ্রাণ বান্দারা সারা রাত আল্লাহর সান্নিধ্যে লাভের আশায় নিজেদের ভুল-ভ্রান্তি, ত্রুটি-বিচ্যুতির জন্য মহান আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করেন। এই রাতে এমন নেক আমল করা উচিত, যার মাধ্যমে আল্লাহর রহমত ও মাগফিরাত লাভ করা যায়।’
বিএনপি চেয়ারম্যান বলেন, ‘এ রাতের আরেকটি তাৎপর্য হলো নাজাত পাওয়া। বিশ্বাসী মুসলমানরা সব অনাচার, অপকর্ম ও অপবিত্রতা থেকে পরিত্রাণ পেতে আল্লাহর কাছে প্রার্থনা করেন এবং মহান রাব্বুল আলামিন অনুগ্রহ প্রার্থীদের প্রতি অনুগ্রহ করেন।’
তারেক রহমান বলেন, ‘আমরা সবাই সহিংসতা, রক্তপাত, হিংসা, বিদ্বেষ পরিহার করে মানব জাতির বৃহত্তর কল্যাণে সহিষ্ণুতা, সংযম ও সৌহার্দ্য অর্জনে নিজেদের নিবেদিত রাখব, মহিমান্বিত রাতে আমাদের এই নিবেদন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। বিশ্ব শান্তিসহ বিশ্ব মুসলিমের ঐক্য, সংহতি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমরা একান্ত মোনাজাত করব।’
পবিত্র শবে বরাতের এই রজনীতে দেশ, জাতি, তথা মুসলিম বিশ্বের উত্তরোত্তর উন্নতি, কল্যাণ ও শান্তি কামনা করেন তারেক রহমান।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)