গণভোটের প্রচারে মানিকগঞ্জে ইমাম সম্মেলন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করতে মানিকগঞ্জে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) সকালে মানিকগঞ্জ শিল্পকলা একাডেমির মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব (উপসচিব) মো. মহসীন মৃধা। তিনি বলেন, ভোটাধিকার প্রয়োগ একটি সাংবিধানিক দায়িত্ব। গণতন্ত্রকে শক্তিশালী করতে জনগণের অংশগ্রহণ অপরিহার্য।
ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. সাখাওয়াত হোসেন-এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন এবং সিভিল সার্জন মোহাম্মদ মোফাখখারুল ইসলাম।
সম্মেলনে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম রবিন শীষ। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬-এ অনুষ্ঠিত গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোহাম্মদ মোরছালিনসহ মানিকগঞ্জের সাত উপজেলার ফিল্ড সুপারভাইজার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সম্মেলনে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলার সাত উপজেলা, দুই পৌরসভা ও ৬৫টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের মসজিদের ইমামরা অংশগ্রহণ করেন। ইমামদের প্রতি বক্তারা আহ্বান জানান— জুমার খুতবা ও ধর্মীয় আলোচনার মাধ্যমে জনগণকে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করেন।
বক্তারা আরও বলেন, ‘এই ভোট শুধু প্রতিনিধি নির্বাচন নয়, রাষ্ট্র মেরামত, সংস্কার এবং ভবিষ্যৎ পথনির্ধারণ করবে। সমাজে ইমামদের প্রভাব ও বিশ্বাসযোগ্যতা কাজে লাগিয়ে জনগণের মধ্যে ভোটের গুরুত্ব ছড়িয়ে দেন তারা।
ইসলামিক ফাউন্ডেশন ও মানিকগঞ্জ জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এই ইমাম সম্মেলন দেশব্যাপী চলমান গণভোট ও নির্বাচন প্রচার কার্যক্রমের অংশ।
একই লক্ষ্যে দেশের বিভিন্ন জেলায় ধারাবাহিকভাবে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, যাতে ভোটারদের অংশগ্রহণ বাড়ে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হয়।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ