গণঅধিকার ছেড়ে শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
জামালপুরের গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করা শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর শহরের সিংহজানী উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর আমিরের নির্বাচনি সমাবেশে তাঁরা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন। এ সময় জামায়াতের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। পরে সে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
এর আগে শনিবার (৩১ জানুয়ারি) রাতে এক সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের দলীয় শৃঙ্খলা, নীতি ও আদর্শ থেকে সরে যাওয়ার অভিযোগ তুলে জামালপুরের মেলান্দহ উপজেলা শাখার সদস্য সচিবসহ দলটির শতাধিক নেতাকর্মী পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন জামালপুর জেলা গণঅধিকার পরিষদের সহসভাপতি আল আমিন মণ্ডল, মেলান্দহ উপজেলা শাখার সদস্য সচিব শাহীন আলম, যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল মণ্ডল, মাদারগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি জাকিরুল ইসলাম জাকির এবং মাদারগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম হিরা।
তাঁদের নেতৃত্বে জেলা, উপজেলা ও বিভিন্ন সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী দল থেকে পদত্যাগ করেন। এতে প্রবাসী অধিকার পরিষদের নেতাকর্মীরাও রয়েছেন।
এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নুরুল আমিন বলেন, গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী আমাদের দলে যোগ দিয়েছেন। আমরা তাঁদের ফুল দিয়ে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছি।

নাহিদ হাসান, জামালপুর (সদর-মেলান্দহ)