আসছে শৈত্যপ্রবাহ, বজ্র ও শিলাবৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
কনকনে শীতের তীব্রতা কিছুটা কমলেও মাঘের শেষ ভাগে কুয়াশার দাপট এখনই কমছে না। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে দেশের বিভিন্ন এলাকায় একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
রোববার (১ ফেব্রুয়ারি) প্রকাশিত দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। তবে এ মাসে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা নেই।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশের উত্তর, পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
এতে বলা হয়েছে, এদিকে মাসের শেষের দিকে অন্তত দুই দিন দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি কিংবা শিলাবৃষ্টি হতে পারে। তবে সার্বিকভাবে ফেব্রুয়ারি জুড়ে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে এবং তা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে।
এ ছাড়া চলতি মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রধান নদীগুলোতে স্বাভাবিক পানি প্রবাহ বজায় থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আরও বলা হয়েছে, ফেব্রুয়ারি মাসে দেশে দৈনিক গড় বাষ্পীভবন ২ থেকে ৪ মিলিমিটার এবং গড় সূর্যকিরণকাল ৬ থেকে ৮ ঘণ্টা থাকতে পারে।

এনটিভি অনলাইন ডেস্ক