‘নির্বাচন নিয়ে চক্রান্ত হচ্ছে, তারেক রহমানের নেতৃত্বে প্রতিরোধ করতে হবে’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে চক্রান্ত শুরু হয়েছে এবং এই চক্রান্ত মোকাবিলায় দেশবাসীকে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপির বিভাগীয় নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, তারেক রহমান আমাদের দিশারি, আমাদের কাণ্ডারি। তিনি আমাদের পথ দেখাবেন। আমাদের নেতা দেশে ফিরে বলেছিলেন— ‘আমার একটি পরিকল্পনা আছে’। সারা বাংলাদেশ তাঁর সেই পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরেছেন। আগামী ১২ ফেব্রুয়ারি জনগণের মতামতের মাধ্যমে আমরা আমাদের নতুন নেতৃত্ব বেছে নেব।’
নির্বাচন বানচালের অপচেষ্টা নিয়ে সতর্ক করে বিএনপি মহাসচিব বলেন, ‘তবে সাবধান! চক্রান্ত শুরু হয়ে গেছে। একটি দল ১৯৭১ সালে আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল, মানুষ হত্যা করেছিল। এখন আবার সেই দলটি নির্বাচন বানচাল করে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। এসব চক্রান্ত মোকাবিলার জন্য নেতৃত্বের প্রয়োজন। আর সেই নেতৃত্ব হচ্ছে তারেক রহমানের নেতৃত্ব। অন্য কারো প্রয়োজন নেই।’

নিজস্ব প্রতিবেদক