নিরাপদ খাদ্যের উৎপাদন বাড়াতে নজর দিতে হবে : এনামুল হক
কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ অধিশাখার যুগ্ম সচিব মো. এনামুল হক বলেছেন, বাংলাদেশের কৃষিতে আমূল পরিবর্তন নিয়ে আসছেন কুমিল্লার কৃষকরা। আপনারা নিরাপদ খাদ্যের দিকে নজর দিন। কীটনাশকের ব্যবহারের কমাতে কাজ করুন। কৃষি কর্মকর্তারা আন্তরিকতার সঙ্গে কৃষকদের সঙ্গে বসুন, পরামর্শ দিন। কীভাবে নিরাপদ খাদ্য উৎপাদন করা যায়, সেই বিষয় নিয়ে কথা বলুন। অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার না করে কৃষক যদি ভালো ফলন পান, তাহলে কেন তারা অতিরিক্ত খরচ করবেন?
গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) কুমিল্লা শহরতলীর একটি মিলনায়তনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তির সম্প্রসারণের লক্ষে দিনব্যাপী জেলা ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক এসব কথা বলেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের পরিচালক কৃষিবিদ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক কৃষিবিদ মো. মিজানুর রহমান।
কৃষি প্রযুক্তির সম্প্রসারণ প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মো. ইমরান আহমেদের সঞ্চালনায় প্রকল্পের মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি প্রযুক্তি সম্প্রসারণের প্রকল্প পরিচালক মো. রাশেদ হাসনাত ও বি স্ট্রং প্রকল্পের প্রকল্প পরিচালক সাবিনা ইয়াসমিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএডিসি কুমিল্লার যুগ্ম পরিচালক (সার) মো. বদর উদ্দিন ভূঁইয়া। কারিগরি সেশন পরিচালনা করেন মৃত্তিকা সম্পদ গবেষণা ইনস্টিউিটের আঞ্চলিক গবেষক ড. এস এম জুবায়ের আল আরমান, ধান গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মামুন উর রশিদ এবং কৃষি গবেষণা ইনস্টিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মোক্তার হোসেন ভূঁইয়া।
কর্মশালায় কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলার কৃষি কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষক, সার ডিলার, বীজ ডিলার, মৃত্তিকা সম্পদ, গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তা, সাংবাদিকসহ ২৫০ জন অংশগ্রহণ করেন।

মাহফুজ নান্টু, কুমিল্লা