শেরপুরে নিহত জামায়াতনেতার জানাজা সম্পন্ন
শেরপুরের ঝিনাইগাতীতে গত বুধবার (২৮ জানুয়ারি) বিএনপি সঙ্গে সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় শ্রীবরদী সরকারি কলেজ মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়। নিহত রেজাউল করিম শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি ছিলেন।
জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান জানান, প্রথম জানাজা শেষে মরদেহ রেজাউল করিমের গ্রামের বাড়ি শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের চাউলিয়া গ্রামে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। দাফন প্রক্রিয়া সম্পন্ন করার পর পরবর্তী কর্মসূচি নির্ধারণে জামায়াত নেতারা বৈঠকে বসবেন।
এদিকে, এই সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। ঘটনার পরিপ্রেক্ষিতে ঝিনাইগাতীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁঞা জানান, যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, সেনাবাহিনী ও যৌথবাহিনীর সদস্যরা এলাকায় টহল দিচ্ছেন। বর্তমানে পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।

কাকন রেজা, শেরপুর