জামিনের দুদিন পর মুক্তি পেলেন নিষিদ্ধ ছাত্রলীগনেতা সাদ্দাম
স্ত্রী ও সন্তানের মৃত্যুর পর উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার দুদিন পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বাগেরহাটের নিষিদ্ধ ছাত্রলীগনেতা জুয়েল হাসান সাদ্দাম। আজ বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি ছাড়া পেয়েছেন।
কারাগারের সিনিয়র জেল সুপার হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ উদ্দীন সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ দুপুরের দিকে সাদ্দামের জামিন আদেশ যশোর কারাগারে পৌঁছানোর পর দুপুর ২টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।
তবে সারা দিন যশোরের সাংবাদিকরা জেলগেটে অবস্থান করলেও সাদ্দামের বেরিয়ে যাওয়ার বিষয়টি তারা জানতে পারেননি। সাদ্দামকে ছেড়ে দেওয়ার বিষয়ে কঠোর গোপনীয়তা রক্ষা করে কারা প্রশাসন।
গত সোমবার হাইকোর্টের একটি ডিভিশন ফৌজদারি বেঞ্চ বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দামের ছয় মাসের জামির আবেদন মঞ্জুর করে আদেশ দেন।
গত শুক্রবার ২৩ জানুয়ারি বিকেলে বাগেরহাটের বেজেডাঙ্গা গ্রামের সাদ্দামের নিজ বাড়ি থেকে তার স্ত্রী ও শিশু সন্তানের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশের ধারণা, সন্তানকে হত্যার পর তার স্ত্রী আত্মহত্যা করেন। এরপর স্বজনরা স্ত্রী-সন্তানের মরদেহ যশোর কারাগারে এনে শেষবারের মতো সাদ্দামকে দেখান। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে মানিবক বিবেচনায় উচ্চ আদালত গত সোমবার সাদ্দামকে ছয় মাসের জামিন দেন।

সাইফুল ইসলাম সজল, যশোর