বিনা মাশুলে ডাকযোগে নির্বাচনি ফলাফল পাঠাবেন প্রিসাইডিং অফিসাররা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট গণনার বিবরণী পাঠানোর প্রক্রিয়া সহজ করতে বিশেষ নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রিসাইডিং অফিসাররা অগ্রিম কোনো ডাক মাশুল পরিশোধ ছাড়াই ফলাফল বিবরণীর কপি সরাসরি নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠাতে পারবেন।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচন পরিচালনা-০২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে ডাক অধিদপ্তরের মহাপরিচালককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
ইসির নির্দেশনায় জানানো হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর বিধান অনুযায়ী প্রিসাইডিং অফিসাররা ভোট গণনার বিবরণীর একটি কপি বিশেষ খামের মাধ্যমে ডাকযোগে সরাসরি ইসি সচিবের কাছে পাঠাবেন। এক্ষেত্রে তাদের কোনো অগ্রিম অর্থ খরচ করতে হবে না। চিঠিপত্রগুলো বিমাকৃত ডাকযোগে অথবা প্রাপ্তি স্বীকার রেজিস্টার্ড (এ/ডি) পদ্ধতিতে পাঠানো হবে। এই ডাক মাশুলের ব্যয় পরবর্তীতে ‘বুক অ্যাডজাস্টমেন্টের’ মাধ্যমে ডাক বিভাগকে পরিশোধ করবে নির্বাচন কমিশন।
ইসি জানায়, ভোটগ্রহণের দিন, অর্থাৎ ১২ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৩০ মিনিট থেকে কাজ শেষ না হওয়া পর্যন্ত (প্রয়োজনে সারা রাত ও পরদিন সকাল পর্যন্ত) সংশ্লিষ্ট পোস্ট অফিসগুলো খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত প্রিসাইডিং অফিসাররা যেন ভোট গণনা শেষ করেই দ্রুত ফলাফল পোস্ট করতে পারেন, সেজন্যই এই বিশেষ ব্যবস্থা।
জরুরি ভিত্তিতে পৌঁছানোর নির্দেশনা
চিঠিতে আরও বলা হয়, ভোটগ্রহণের দিন থেকে পরবর্তী কয়েকদিন পর্যন্ত এই বিশেষ ডাক সেবা অব্যাহত থাকবে। প্রেরিত ফলাফল বিবরণী জরুরি ভিত্তিতে নির্বাচন কমিশনে পৌঁছানোর জন্য ডাক বিভাগকে বিশেষ ব্যবস্থা নিতে হবে। প্রিসাইডিং অফিসারদের অবশ্যই পোস্ট অফিস থেকে প্রাপ্তি স্বীকার পত্র (এ/ডি) সংগ্রহ করতে হবে।

নিজস্ব প্রতিবেদক