আপিল বিভাগে তাকিয়ে বিএনপির প্রার্থী মঞ্জুরুল, কাল শুনানি
মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট খারিজের বিরুদ্ধে আপিল শুনানি আগামীকাল (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হবে।
সোমবার (২৬ জানুয়ারি) পরবর্তী দিন ঠিক করেছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালত।
এর আগে, মঞ্জুরুল আহসান মুন্সীর রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদনটি করেন মুন্সীর আইনজীবী সাইফুল্লাহ আল মামুন।
এর আগে, শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে কুমিল্লা-৪ আসনে ঋণ খেলাপির অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। পরে হাইকোর্টে রিট করলে রিট খারজি হয়ে যায়।
ঋণ খেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলে ইসিতে আবেদন করেন ওই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ। আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক