‘দলের রাজনীতির বিজয় চাই না, চাই ১৮ কোটি মানুষের বিজয়’
যশোরে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা দলের রাজনীতির বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে ফ্যাসিবাদী কায়দায় দেশ চালানো যাবে না, চাঁদাবাজি হবে না। হ্যাঁ মানে আজাদী, না মানে গোলামী।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় যশোর ঈদগাহ ময়দানে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে জামায়াত আমির এসব কথা বলেন।
জনসভায় জামায়াত আমির বলেন, একটি বন্ধু সংগঠন একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলছে, অন্যদিকে গায়ে হাত দিচ্ছে। এ দুটো একসঙ্গে চলতে পারে না।
আসন্ন নির্বাচনকে দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে উল্লেখ করে জামায়াত আমির বলেন, এটি কেবল ক্ষমতা বদলের লড়াই নয়, জনগণের মাধ্যমে রাজনীতির গতিপথ পাল্টে দেওয়ার সুযোগ। পরিবার কেন্দ্রিক বা গোষ্ঠীগত রাজনীতির পরিবর্তে জনগণকেন্দ্রিক রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।
জনসভায় আরও বক্তব্য দেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যশোর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাও. আজিজুর রহমান, যশোর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, অঞ্চল টিম সদস্য ড. আলমগীর বিশ্বাস, নড়াইল জেলা আমির আতাউর রহমান বাচ্চু, মাগুরা জেলা আমির এম বি বাকের, বিশিষ্ট আইনজীবী ও যশোর-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাড. গাজী এনামুল হক, যশোর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ভিপি আব্দুল কাদের, যশোর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মুক্তার আলী প্রমুখ।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)