সহকারী প্রিজাইডিং অফিসারের প্রশিক্ষণে ২ মৃত শিক্ষককে আমন্ত্রণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে জামালপুরে দায়িত্বপ্রাপ্তদের তালিকায় দুইজন মৃত শিক্ষকের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। জামালপুর- ১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে দায়িত্ব পালনের জন্য গত দেড় বছর আগে মৃত্যুবরণ করা মো. আব্দুল করিম ও গত চার মাস আগে মৃত্যুবরণ করা আতাউর রহমান আকা নামে দুই শিক্ষককে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার চর মাগুরীহাট দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন মো. আব্দুল করিম। তিনি ২০২৪ সালের ৩ আগস্ট মারা যান। অপরজন, পোল্যাকান্দি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতাউর রহমান আকা। তিনি চার মাস আগে মৃত্যুবরণ করেছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে প্রশিক্ষণের জন্যে আমন্ত্রণ জানানো চিঠিতে তাদের দুইজনের নাম রয়েছে। এ ঘটনায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার স্বাক্ষরিত চিঠিতে দেখা যায়, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ২৫ জানুয়ারি দেওয়ানগঞ্জ সরকারি আব্দুল খালেক মেমোরিয়াল ডিগ্রি কলেজে অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশ নিতে নির্বাচিত সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের নামের তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকায় সবাই এবারের নির্বাচনে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। সেখানে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে আব্দুল করিম ও আতাউর রহমান আকার নামেও চিঠি পাঠানো হয়।
ওই দুই শিক্ষকের মৃত্যুর বিষয়টি চরমাগুরীহাট দাখিল মারাসার সুপার শফিউল আলম ও পোল্যাকান্দি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, কারিগরি ত্রুটির কারণে মৃত ব্যক্তিদের নাম সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হবে।
জামালপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী বলেন, বিষয়টি আমি অবগত নই। খোঁজ নিয়ে এই ধরনের ত্রুটি থাকলে তা সংশোধন করা হবে। কীভাবে মৃত ব্যক্তি নাম তালিকায় গেলো বিষয়টি খতিয়ে দেখা হবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেওয়ানগঞ্জ উপজেলার ৭৫টি কেন্দ্রে ৪৩৭টি বুথে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনি দায়িত্ব পালনে প্রশিক্ষণের জন্য প্রিজাইডিং অফিসার পদে ৭৯ জন, সহকারী প্রিজাইডিং অফিসার পদে ৪৫৯ জন ও পোলিং অফিসার পদে ৯১৮ জনের তালিকা তৈরি করেছে উপজেলা নির্বাচন অফিস।

আসমাউল আসিফ, জামালপুর