চট্টগ্রামে র্যাব সদস্য হত্যা মামলায় গ্রেপ্তার ২
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে ডিএডি আব্দুল মোতালেব হত্যাসহ একাধিক র্যাব সদস্যকে আহত এবং সরকারি সম্পত্তি ভাঙচুর মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে র্যাব-৭ এক সংবাদ বিজ্ঞপিতে এ তথ্য জানিয়েছে।
র্যাব ৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন স্বক্ষরিত সংবাদ বিজ্ঞপিতে জানানো হয়, গত ১৯ জানুয়ারি বিকেলে র্যাবের একটি আভিযানিক দল সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল-সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাইকে ঘোষণা দিয়ে আনুমানিক ৪০০/৫০০ দুষ্কৃতকারী র্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। সেই হামলায় র্যাবের চার সদস্য গুরুতর আহত হন। পরে থানা পুলিশে সহযোগিতায় র্যাব সদস্যদের উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম সিএমএইচে পাঠানো হয়। সেখানে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডিএডি মো. মোতালেব হোসেন ভুঁইয়াকে মৃত ঘোষণা করেন এবং অপর তিন র্যাব সদস্য বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওই ঘটনায় র্যাব-৭ বাদী হয়ে সীতাকুণ্ড থানায় ২৯ জনকে এজাহারনামীয় এবং ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে আজ একটি মামলা করে।
সংবাদ বিজ্ঞপিতে জানানো হয়, মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি এবং ছায়াতদন্ত শুরু করে র্যাব। এরই ধারাবাহিতকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি মো. ইউনুছ আলী হাওলাদারকে (৬২) ইকবাল কনভেনশন হল এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এরপর তার দেওয়া তথ্য মতে অপর একটি অভিযানিক দল মহানগরীর পতেঙ্গা থানাধীন ওয়াসা গলি এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন আসামি খন্দকার জাহিদ হোসেনকে (৩৯) গ্রেপ্তার করে। আইনানুগ ব্যবস্থা নিতে তাদের সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এন.এইচ শাওন, চট্টগ্রাম মহানগর ও জেলা (মীরসরাই-সীতাকুণ্ড)