খুলনায় আরব আমিরাত দূতাবাসের খাদ্য সহায়তা, কম্বল বিতরণ
খুলনার পাইকগাছা উপজেলায় গরিব এবং অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী ও কম্বল বিতরণ করেছেন ইউনাইটেড আরব আমিরাত বাংলাদেশ অ্যাম্বাসির বৈদেশিক সহায়তাবিষয়ক পরিচালক রাশেদ আল মাইল আল জাবি। আজ রোববার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার শ্রীরামপুর জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে দুই শতাধিক গরিব পরিবারের মধ্যে এসব বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী ও কম্বল বিতরণ শেষে রাশেদ আল মাইল আল জাবি এলাকার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি হেলথ কেয়ার সেন্টার ও মাদ্রাসা ঘুরে ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন। পরে তিনি তালতলা জামে মসজিদে যান এবং স্থানীয় মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বাংলাদেশে আরব আমিরাতের সহায়তা অব্যাহত থাকবে বলেও আশ্বস্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন সমাজ সেবক খন্দকার এনামুল হক, বাংলাদেশ সংবাদ সংস্থার বাসসের চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন, কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
কম্বল ও খাদ্য সামগ্রী পেয়ে এলাকার মানুষ সন্তোষ প্রকাশ করেন। তারা ইউনাইটেড আরব আমিরাতের এই অনুদান পেয়ে আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করেন। এ সময় তারা আরব আমিরাত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তরিকুল ইসলাম, খুলনা (কয়রা-সুন্দরবন-উপকূল)