নওগাঁ-১ আসনে ১১ দলীয় জোটের ভরসা অধ্যক্ষ মাহবুবুল আলম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের রাজনৈতিক সমীকরণে নতুন মোড় এসেছে। দীর্ঘ প্রতীক্ষা আর জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এই আসনে ১১ দলীয় নির্বাচনি জোটের চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন অধ্যক্ষ মাহবুবুল আলম।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জোটের শীর্ষ নেতারা তার নাম ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, জোটের শরিক ১০টি দলের মধ্যে আসন সমঝোতার প্রথম পর্যায়ে ২৫৩টি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। অবশিষ্ট ৪৭টি আসন বর্তমানে কৌশলগত কারণে ফাঁকা রাখা হয়েছে।
চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় অধ্যক্ষ মাহবুবুল আলম বলেন, ‘আমি ১১ দলীয় জোটের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞ। নওগাঁ-১ আসনের অবহেলিত মানুষের অধিকার আদায় এবং জনসেবার যে সুযোগ আমাকে দেওয়া হয়েছে, তার পূর্ণ মূল্যায়ন আমি করব। আমাদের লক্ষ্য প্রতিহিংসামুক্ত, সাম্য ও ন্যায়ভিত্তিক একটি আধুনিক সমাজ গড়ে তোলা। আমি বিশ্বাস করি, আগামী ১২ ফেব্রুয়ারি ‘দাঁড়িপাল্লা’ মার্কার বিজয় সুনিশ্চিত করতে এই অঞ্চলের আলেম-উলামা ও আপামর ছাত্র-জনতা আমার পাশে থাকবেন।’
এর আগে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই আসনে জোটের শরিক দলগুলোর একাধিক প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছিল। তখন থেকেই কে হচ্ছেন জোটের একক কান্ডারি, তা নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক কৌতূহল ছিল। জোটের একক প্রার্থী ঘোষণার ফলে ভোটের মাঠে এখন নতুন মেরুকরণ তৈরি হয়েছে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ১১ দলীয় জোটের এই ঐক্যবদ্ধ অবস্থান নওগাঁ-১ আসনের নির্বাচনী লড়াইকে আরও তীব্র ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবে।

সেলিম রেজা, নওগাঁ (পোরশা-সাপাহার)