হান্নান মাসউদের পেশা ব্যবসা, বছরে আয় ৬ লাখ টাকা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ মনোনয়ন পেয়েছেন। তিনি মনোনয়ন পেয়ে হলফনামা দাখিল করেছেন। এতে দেখা গেছে, তার বিরুদ্ধে কোনো মামলা নেই।
হান্নান মাসউদের হলফনামা থেকে জানা গেছে, তিনি পেশায় ব্যবসায়ী। ব্যবসা থেকে তিনি বছরে ছয় লাখ টাকা আয় করেন। এছাড়া তার হাতে নগদ টাকা আছে ৩৫ লাখ ৮৩ হাজার ৪৭৫ টাকা। তবে তার স্থাবর কোনো সম্পদ নেই।
হলফনামায় আরও জানা গেছে, হান্নান মাসউদের অস্থাবর সম্পদের মধ্যে ব্যাংকে জমা আছে দুই হাজার ৫৫ টাকা, কোম্পানির শেয়ার এক লাখ টাকা, স্বর্ণালঙ্কার আট লাখ টাকার, ইলেক্ট্রনিক্স পণ্য এক লাখ টাকার ও আসবাবপত্র রয়েছে এক লাখ টাকার। হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনী একজন শিক্ষার্থী। তার নামে কোনো সম্পদ নেই। স্বামী-স্ত্রীর নামে কোনো দায়-দেনাও নেই।
আবদুল হান্নান মাসউদ আলীম পাস করেছেন। তিনি ঢাকার পরিবাগ এলাকায় ডিজিল্যান্তি গ্লোবাল নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। যা থেকে বছরে আয় দেখানো হয়েছে ছয় লাখ টাকা।
২০২৫-২৬ অর্থ বছরে জমা দেওয়া আবদুল হান্নান মাসউদের আয়কর রিটার্নে দেখানো আয়ের পরিমাণ ছয় লাখ টাকা। আয়কর রিটার্নে দেখানো সম্পদের পরিমাণ ৯৮ লাখ ৩৯ হাজার ৬৫৬ টাকা। তার স্ত্রীর নামে কোনো আয়কর নথি নেই।
আবদুল হান্নান মাসউদের স্থায়ী ঠিকানা নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার সাঘরিয়া গ্রামে। তার বাবার নাম আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক ও মায়ের নাম আয়েশা খাতুন বিলকিছ।

এনটিভি অনলাইন ডেস্ক