অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ : ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩১
সারাদেশে চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর গত ২৪ ঘণ্টায় ৪৩১ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৯টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযানের সর্বশেষ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২৫ হাজার ৫১টি মোটরসাইকেল এবং ৩০ হাজার ৫০টি গাড়ি তল্লাশি করা হয়েছে। এই তল্লাশিকালে প্রয়োজনীয় নথিপত্র না থাকায় ৭২৯টি অবৈধ মোটরসাইকেল জব্দ করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ সদরদপ্তর জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে এই বিশেষ অভিযান দেশজুড়ে অব্যাহত থাকবে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)